সঞ্জীব ভট্টাচার্য্য : | রবিবার, ২৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 6 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত চেতনানাশক স্কোপোলামিন ব্যবহার করে সিএনজিচালিত অটোরিকশাচালককে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (২৩ আগস্ট) রাতে কুমিল্লার দেবিদ্বার ও কোতোয়ালি থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমিল্লার দেবিদ্বার উপজেলার দুয়ারিয়া গ্রামের মো. আবুল বাশার (৪৪) এবং কুমিল্লা কোতোয়ালি থানার সংরাইশ এলাকার নাজমুন নাহার লাভলী (২৮)।
র্যাব-৯ (ব্রাহ্মণবাড়িয়া) ও র্যাব-১১ (কুমিল্লা) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। রাত ১টার দিকে দেবিদ্বারের বাগুরা এলাকা থেকে আবুল বাশারকে এবং রাত পৌনে ২টার দিকে কুমিল্লার নিশ্চিন্তপুর এলাকা থেকে নাজমুন নাহার লাভলীকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন সিএনজি চালককে চেতনানাশক খাইয়ে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার দুজনকে কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ৪ আগস্ট একই মামলায় জড়িত থাকার অভিযোগে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
র্যাব জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Posted ৩:১০ অপরাহ্ণ | রবিবার, ২৩ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah