সঞ্জীব ভট্টাচার্য্য : | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে প্রায় ৬ কিলোমিটার সড়ক পুনর্নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। উপজেলার চাতলপাড় ইউনিয়নের রতনপুর থেকে ভলাকুট ইউনিয়নের বাঘী পর্যন্ত সড়কটি পুনর্নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৫ লাখ টাকা। একই সঙ্গে সড়কটি সংসদ সদস্য এম.এ. হান্নানের নামে নামকরণের ঘোষণা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় সড়কটির পুনর্নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম.এ. হান্নান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবদুল মোমেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে.এম. বসির উদ্দিন তুহিন, সহ-সভাপতি মোহাম্মদ ইব্রাহিম ভূইঁয়া রেনু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহে আলমসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এম.এ. হান্নান বলেন, সরকার দেশের প্রান্তিক পর্যায়ে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। এসব উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ ও গতিশীল হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ২০২৬-২০২৭ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় কাবিটা কর্মসূচিতে সড়কটির পুনর্নির্মাণকাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় ৬ কিলোমিটার সড়কে মাটি ভরাটের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৫ লাখ টাকা।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে রতনপুর বাজার চত্বরে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ শাজাহান মিয়ার সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসান।
সভায় রতনপুর থেকে বাঘী পর্যন্ত সড়কটি সংসদ সদস্য এম.এ. হান্নানের নামে নামকরণের ঘোষণা দেওয়া হয়।
Posted ১১:২২ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah