বুধবার ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় বিজয়নগরে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   52 বার পঠিত

জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় বিজয়নগরে ফ্যামিলি  সমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচিসহ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জেলা তথ্য অফিস, ব্রাহ্মণবাড়িয়ার ব্যবস্থাপনায় GPMS কর্মপরিকল্পনার আওতায় (অক্টোবর-ডিসেম্বর ২০২৬) দ্বিতীয় প্রান্তিকের প্রচার কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার সাটিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে যুক্ত হন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহানারা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনির হোসেন ভূঁইয়া এবং সাটিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মীর মোহাম্মদ আসলাম উদ্দিন বলেন, গত ১০ মার্চ ২০২৬ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের হতদরিদ্র ও নারীপ্রধান পরিবারগুলোর আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন। ঢাকার বনানীর কড়াইল বস্তি সংলগ্ন মাঠে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। প্রাথমিক পর্যায়ে ১৪টি উপজেলা ও এলাকার ৩৭ হাজার ৫৬৭ জন উপকারভোগীকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের একজন নারী সদস্যকে এ কার্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে তারা স্বল্পমূল্যে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহের সুযোগ পাবেন। সম্ভাব্য সুবিধাভোগীদের তালিকা তৈরিতে সমাজসেবা বিভাগ, জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা কাজ করছেন।

তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আসাদনগরে ৭৭৬ জনকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে নারীপ্রধান পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে তথ্য যাচাই করা হচ্ছে। (তথ্য সূত্র: জেলা সমাজসেবা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া)।

কৃষকদের কল্যাণে সরকারের কৃষক কার্ড কর্মসূচির গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথি বলেন, ২০২৬ সালের মার্চ ও এপ্রিল মাসে পরীক্ষামূলকভাবে এ কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়। পরে ১৪ এপ্রিল, পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রাথমিকভাবে ১০টি জেলার ১১টি উপজেলার ২২ হাজার ৬৫ জন কৃষকের মধ্যে এ কার্ড বিতরণ শুরু হয়েছে। এর মাধ্যমে কৃষকদের বীজ, সার, কৃষিঋণ, ভর্তুকি ও অন্যান্য কৃষিসেবা ডিজিটাল পদ্ধতিতে সরাসরি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকদের একটি ডিজিটাল পরিচয়ের আওতায় আনাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। (তথ্য সূত্র: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া)।

এ ছাড়া প্রধান অতিথি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ফ্যামিলি সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস।

Facebook Comments Box

Posted ২:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া