সঞ্জীব ভট্টাচার্য্য : | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট | 23 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উত্তরা ব্যাংক পিএলসির গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল কর্মকর্তা মো. আরিফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার, ২২জুলাই দিবাগত রাতে রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে ৪৮ বছর বয়সী মোহাম্মদ আলী কে গ্রেপ্তার করে কসবা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে কসবা থানা পুলিশ।
গত ৬ জুলাই সন্ধ্যা প্রায় ৬টা ৪৫ মিনিটে কসবা উপজেলার গোপীনাথপুর বাজারের গ্রিন হেলথ হাসপাতালের সামনে ধারালো অস্ত্রের হামলার শিকার হন উত্তরা ব্যাংক পিএলসির গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল কর্মকর্তা মো. আরিফুল ইসলাম। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ও সহকর্মীরা তাকে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।
নিহত আরিফুল ইসলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পিংলু পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। অন্যদিকে গ্রেপ্তার হওয়া আলী হোসেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নোয়ামুড়া গ্রামের বাসিন্দা। পূর্ব বিরোধের জেরে মোহাম্মদ আলী ধারালো অস্ত্র দিয়ে আরিফুল ইসলামের মাথা ও ঘাড়ে উপর্যুপরি আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঘটনার পর থেকেই তাকে গ্রেপ্তারের জন্য গোপীনাথপুর গ্রামবাসী,কসবা উপজেলা ব্যাংকার্স ফোরাম মানববন্ধন করেন।
কসবা থানা পুলিশ গ্রেফতারের জন্য বিশেষ অভিযান শুরু করেন। অবশেষে ঢাকায় বিশেষ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় কসবা থানা পুলিশ। কসবা থানার অফিসার্স ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ প্রেস রিলিজের মাধ্যমে সাংবাদিকবৃন্দকে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ১০:৪১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah