জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ | প্রিন্ট | 53 বার পঠিত
গাজীপুর মহানগরীতে বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি এবং একটি নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় অবৈধ আগ্নেয়াস্ত্র বহনের অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানায় আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন।
গ্রেফতাররা হলেন লক্ষ্মীপুর জেলার কাজিরচর গ্রামের তানজিম আহমেদ সোহেল এবং গাজীপুর মহানগরের নীলেরপাড়া এলাকার মো. বাবু।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সদর থানার পাজুলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই দুইজনকে আটক করা হলে তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং একটি নম্বরপ্লেটবিহীন টিভিএস অ্যাপাচি 4V ১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও মোটরসাইকেল আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে। একই সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্রগুলোর উৎস এবং এগুলো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, মহানগর এলাকায় অবৈধ অস্ত্রের বিস্তার রোধ, সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জিএমপির নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Posted ৭:২০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah