জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 205 বার পঠিত
মাদক ও মোবাইল আসক্তি থেকে যুব সমাজকে খেলামুখী করতে গাজীপুরে হয়ে গেল মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। আজ ২৯ নভেম্বর শনিবার দর্শক সমাগমে প্রতিযোগিতা মূলক এ খেলায় রতনপুর সানিয়া স্পোর্টিং ক্লাব ২-০ গোলে উত্তর মৌচাক একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
বিকেলে স্থানীয় রতনপুর হাজী আনোয়ার উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ ফাইনাল টুর্ণামেন্টের উদ্বোধন করেন কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা সাইজুদ্দিন আহম্মেদ।
বিশিষ্ট মা ও শিশু বিশেষজ্ঞ ডা. আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুল বারেক সরকার, ক্রীড়ানুরাগী সেলিম মাহমুদ, রতনপুর হাজী আনোয়ার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. মো. আলতাফ হোসেন, ধানেজ আলী মাতাব্বর, রিয়াজ উদ্দিন, মো. কাইয়ুম আহম্মেদ প্রমুখ।
স্থানীয় রতনপুর দক্ষিণ পাড়া লায়ন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মাস ব্যাপী টুর্ণামেন্টের নক আউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। এতে ৭টি দল অংশ নেয়।
অনুষ্ঠান উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফুটবলের হৃত গৌরব ফিরিয়ে আনা ও মাদক, মোবাইল আসক্তি থেকে যুব সমাজকে মুক্ত করতে এ টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্ণামেন্টে যে ফুটবলের উন্মাদনা সৃষ্টি হয়েছে তা আমাদের বিলুপ্তির পথে হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধারে সহায়তা করবে। শুধু এই এলাকায় নয়, অন্যান্য এলাকায় এ ধরনের উদ্যোগ যুব সমাজকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
বিজয়ী দলকে একটি রেফ্রিজারেটর ও বিজিত দলকে রঙিন টেলিভিশন উপহার দেওয়া হয়।
Posted ৪:১২ অপরাহ্ণ | শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah