জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | প্রিন্ট | 27 বার পঠিত
গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৫ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের ১৩৯ দশমিক ৫ লিটার বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, দুটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ৫০ টাকা জব্দ করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই) র্যাব-১-এর পোড়াবাড়ী ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক শাহ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতাররা হলেন শেরপুর জেলার পলাশীকুড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ফয়সাল আহমেদ (২২) এবং গোপালগঞ্জ জেলার বাগঝাপা সাজাইল গ্রামের মোসলেম শেখের ছেলে হৃদয় শেখ (৩৪)।
র্যাব জানায়, সোমবার (২০ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১-এর একটি আভিযানিক দল গাজীপুরের পোড়াবাড়ী এলাকার রায়হান অটোমোবাইলস ওয়ার্কশপের সামনে চেকপোস্ট পরিচালনা করে। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়।
তল্লাশিতে তাদের হেফাজত থেকে ১৩৯ দশমিক ৫ লিটার বিদেশি মদ, নগদ এক হাজার ৫০ টাকা, দুটি মোবাইল ফোন এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ১০:২৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah