জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 164 বার পঠিত
গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি বিশাল গণমিছিলের মাধ্যমে নির্বাচনী শোডাউন করেছেন। আজ ৭ ফেব্রুয়ারি শনিবার বিকেলে গাজীপুর মহানগরীর ভাওয়াল রাজবাড়ী মাঠ থেকে প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই গণমিছিল শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি নিজেই। এতে গাজীপুর-২ আসনের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন।
গণমিছিলটি ভাওয়াল রাজবাড়ী মাঠ থেকে শুরু হয়ে জয়দেবপুর বাজার ও বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে শিববাড়ী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য দেশের মানুষ দীর্ঘ ১৬ বছর অপেক্ষা করেছে এবং নানা অত্যাচার ও নির্যাতন সহ্য করেছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আসন্ন নির্বাচনে একটি মহল অবৈধ প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, এবারের নির্বাচনে গাজীপুরের মানুষ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ প্রতীক আগের মতোই বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে।
Posted ৫:৩৬ অপরাহ্ণ | শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah