জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 164 বার পঠিত
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, সাংবাদিকতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মিথ্যার সঙ্গে লড়াই করা। এজন্য সাংবাদিকদের হতে হবে সৎ, সাহসী ও নিষ্ঠাবান। আজ ২১ সেপ্টেম্বর রবিবার দুপুরে গাজীপুর প্রেস ক্লাবের তত্ত্বাবধায়কমণ্ডলীর দায়িত্ব গ্রহণ ও ‘চব্বিশ-পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর প্রেস ক্লাব আহ্বায়ক কমিটির সভাপতি খন্দকার গোলাম সরওয়ার এবং সঞ্চালনা করেন সাংবাদিক মাজহারুল ইসলাম মাসুম।
সভায় বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী, সাংবাদিক দেলোয়ার হোসেন, শরীফ আহমেদ শামীম, শাহ শামসুল হক রিপন, খায়রুল ইসলাম, বেলাল হোসেন, আমিনুল ইসলাম, মুকুল কুমার মল্লিক, শেখ আজিজুল ইসলাম ও রেজাউল বারি বাবুল প্রমুখ।
কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিকদের কাজ হলো সত্য তুলে ধরা। এজন্য সাহসিকতার সঙ্গে অন্যায়-অবিচার, শোষণ, বঞ্চনা, নির্যাতন, হত্যা, দুর্নীতি ও অধিকার হরণের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। গণমাধ্যমকে সমাজের দর্পণ বলা হয়। সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। সাংবাদিকতা হতে হবে শতভাগ সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ। সাংবাদিকতার অভিধান থেকে সততা ও পেশাদারিত্ব কখনো বিলীন হতে দেওয়া যাবে না। জনগণ দলদাস সাংবাদিকতাকে ঘৃণা করে।
Posted ৫:০১ অপরাহ্ণ | রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah