আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর : | সোমবার, ২০ জুলাই ২০২৬ | প্রিন্ট | 56 বার পঠিত
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরভেলা এলাকায় চীনা ভাষার সাইনবোর্ড ব্যবহার করে পরিচালিত একটি খাদ্য উৎপাদন কারখানায় ভেজাল ও অনুমোদনহীন খাদ্যপণ্য তৈরির অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) উপজেলার নাগরী ইউনিয়নের নাগরভেলা এলাকায় অবস্থিত আইশিন ফুডস কোম্পানি লিমিটেড-এ এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
আদালত সূত্রে জানা যায়, কারখানাটিতে উৎপাদিত ব্রেডের মেয়াদ ২০ দিন থেকে এক মাস উল্লেখ করা হলেও এর পক্ষে কোনো পরীক্ষাগার (ল্যাব) প্রতিবেদন দেখাতে পারেনি কর্তৃপক্ষ।
এ ছাড়া প্রতিষ্ঠানটির বিএসটিআই লাইসেন্সে উল্লেখিত পণ্যের সঙ্গে বাস্তবে উৎপাদিত ব্রেডের মিল পাওয়া যায়নি। লাইসেন্স একটি পণ্যের জন্য নেওয়া হলেও উৎপাদন করা হচ্ছিল ভিন্ন ধরনের ব্রেড।
অভিযানে আরও দেখা যায়, ব্রেডের ভেতরে ব্যবহৃত জ্যাম ফিলিংসের উপাদান সম্পর্কে কারখানার দায়িত্বশীল ব্যক্তিরা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। একই সঙ্গে ওই জ্যাম ফিলিংসের কোনো বিএসটিআই অনুমোদনও ছিল না।
কারখানার কাঁচামাল, প্যাকেজিং ও উৎপাদনসংক্রান্ত নির্দেশনা চীনা ভাষায় লেখা ছিল, যা নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর বিধানের পরিপন্থী বলে জানায় ভ্রাম্যমাণ আদালত।
এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, “জনস্বার্থে ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।”
Posted ৩:৩১ অপরাহ্ণ | সোমবার, ২০ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah