সঞ্জীব ভট্টাচার্য্য | সোমবার, ১৮ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 232 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে মেঘনা নদী এলাকায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলন থেকে বসতবাড়ি, কৃষি জমি, বেড়িবাঁধ রক্ষায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের চর লাপাং গ্রামবাসীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ ১৮ আগস্ট সোমবার দুপুরে নবীনগর প্রেসক্লাবের সামনে সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নবীনগর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলমের নেতৃত্বে মানববন্ধনে অংশগ্রহণকারী হোসেন মিয়া, ওসমান মিয়া, জলিল মিয়া, ইদ্রিস মিয়া, আউয়াল মিয়া, আক্তার ভূঁইয়া, মিজানুর রহমান, কাওসার মিয়াসহ আরো অনেকেই বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সরকার ইজারা দিয়েছেন মেঘনা নদীর নির্দিষ্ট সীমানায়। কিন্তু তারা আমাদের টাকার কেনা দাগের জমি কেটে নিচ্ছে। প্রতিবাদ করলে দলবল নিয়ে আসে আমাদের মারধর করে। গুলি করে আতঙ্ক সৃষ্টি করে।
প্রভাবশালী লোকেরা এই সন্ত্রাসী কাজের সাথে সম্পৃক্ত আছে। শত শত কৃষক নিজের কৃষি জমি হারিয়ে দিশেহারা আমরা, এখন কী করবো? যা ক্ষতি হওয়ার হয়েছে পরবর্তীতে যেন আর ক্ষতি না হয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এর আগেও প্রশাসনের দ্বারস্থ হয়েছি কোনোরকম প্রতিকার হয়নি। সন্ত্রাসীরা দিনে রাতে অবৈধ ড্রেজার দিয়ে আমাদের কৃষি জমিসহ ঘরবাড়ি ক্ষতি করছে।
এভাবে চলতে থাকলে ছেলে-মেয়ে নিয়ে আমরা পথের ফকির হয়ে যাব।
পরে বিক্ষোভ মিছিলটি নবীনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নবীনগর উপজেলা নির্বাহী অফিসারের বরাবর স্মারকলিপি প্রদান করেন।
সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার নাসিরাবাদ মৌজায় অবস্থিত মেঘনা নদী থেকে সম্প্রতি বালু উত্তোলনের ইজারা নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সামিউল ট্রেডার্স। ইজারা পাওয়ার পরে বালু মহালের বালু উত্তোলন শুরু করেন তারা।
তবে অভিযোগ রয়েছে, সরকারি নিয়ম না মেনে ইজারার শর্ত ভঙ্গ করে অতিরিক্ত ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত বেড়িবাঁধসহ কবরস্থান ও আশেপাশের কয়েকটি গ্রামের কৃষিজমি ভাঙনের কবলে পড়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রাজীব চৌধুরী বলেন, শর্ত ভঙ্গ করে অতিরিক্ত ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয়রা। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মহোদয় বিষয়টি আগে থেকেই অবগত আছেন। আমরা অচিরেই একটি ফলপ্রস্র অভিযান পরিচালনা করবো।
Posted ৫:০০ অপরাহ্ণ | সোমবার, ১৮ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah