সঞ্জীব ভট্টাচার্য্য : | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ | প্রিন্ট | 46 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ফুল মেহের (৭৯) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার পর তার প্রায় আড়াই ভরির স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে উপজেলার দুলারামপুর গ্রামের বাবর আলী সরকারের বাড়ির উঠান থেকে গলায় প্লাস্টিকের রশি পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ফুল মেহের উপজেলার সোনারামপুর ইউনিয়নের সোনারামপুর গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা। তিনি মৃত আনু মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার থেকে পাঁচ দিন আগে ফুল মেহের তার বাবার বাড়ি দুলারামপুর গ্রামে বেড়াতে যান। বুধবার দুপুরে প্রতিবেশী মিনা নামে এক নারী তাকে খাবারের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার ভোরে বাবর আলী সরকারের বাড়ির উঠানে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের বড় ছেলে মোস্তফা কামাল অভিযোগ করেন, তার মাকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার সময় তার গলায় ও কানে থাকা প্রায় আড়াই ভরির স্বর্ণালংকার লুট করা হয়েছে। তার ধারণা, স্বর্ণালংকার লুটের সময় দুর্বৃত্তদের চিনে ফেলায় তারা তার মাকে হত্যা করেছে।
তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত, গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গলায় রশি পেঁচানো অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
Posted ৫:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah