সঞ্জীব ভট্টাচার্য্য : | শনিবার, ১৮ জুলাই ২০২৬ | প্রিন্ট | 31 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার সংযোগকারী সীমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের তিতাস নদীর তীরবর্তী এলাকায় কৃষিজমি ও জলাশয় ভরাট করে গড়ে তোলা অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার সকাল ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার, শাহরিয়া হাসান খান ও মো. আতাউর রহমান উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে অবৈধভাবে নির্মিত চারটি দোকান উচ্ছেদ করা হয়। একই সঙ্গে সড়কে অবৈধভাবে যানবাহন পার্কিং করার দায়ে দুই ব্যক্তিকে মোট এক হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন জানায়, অভিযান চলাকালে অধিকাংশ দখলদার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। দখলকৃত দোকান ও জমির মালিকদের বৈধ মালিকানার কাগজপত্র এবং প্রয়োজনীয় অনুমোদন নিয়ে ভূমি অফিসে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হলে তাদের স্থাপনাও উচ্ছেদ করা হবে।
অভিযানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বলেন, “তিতাস নদী, কৃষিজমি ও জলাশয় রক্ষায় অবৈধ দখলের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আজ প্রাথমিকভাবে চারটি দোকান উচ্ছেদ করা হয়েছে। সড়কসংলগ্ন অন্যান্য অবৈধ স্থাপনাও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। যারা কৃষিজমি দখল করে স্থাপনা নির্মাণ করেছেন, তাদের বৈধ কাগজপত্র যাচাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
Posted ১:৩৩ অপরাহ্ণ | শনিবার, ১৮ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah