সঞ্জীব ভট্টাচার্য্য | বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 209 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং সংলগ্ন মেঘনা নদীতে বালু ও পাথরবাহী নৌযান থামিয়ে পুলিশের চাঁদাবাজির অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২০ আগস্ট বুধবার বিকেলে ঢাকা অঞ্চল নৌ-পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সহকারী পুলিশ সুপার (নৌ-পুলিশ, ঢাকা অঞ্চল) আবু মো. দিলায়র হাসান ইনাম তদন্ত টিমের নেতৃত্বে ছিলেন। এর আগে, গত ১৭ আগস্ট রবিবার উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং সংলগ্ন মেঘনা নদীতে বালু ও পাথরবাহী নৌযান থামিয়ে পুলিশ চাঁদা আদায় করেছে বলে অভিযোগ উঠে।
এ নিয়ে স্থানীয় সাংবাদিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করেন।
জানা যায়, নবীনগরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় নরসিংদী জেলার রায়পুরা পুলিশ ফাঁড়ির কনস্টেবল সজীব ও আরিফ লালচাঁনের নাম উঠে এসেছে।
তদন্তকালে ঘটনাস্থলে উপস্থিত নবীনগর পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান নুর আজ্জমসহ এ এলাকার একাধিক ব্যক্তি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর নাম ব্যবহার করে চাঁদাবাজি হলে সাধারণ মানুষ নিরাপদ থাকবে কিভাবে? দোষীদের দ্রুত সনাক্ত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।
এ সকল বিষয়ে তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আবু মো. দিলায়র হাসান ইনামের কাছে পুলিশের চাঁদাবাজির সম্পৃক্ততা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এরই মধ্যে অভিযুক্ত কনস্টেবলদের নৌ-পুলিশ ফাঁড়ি থেকে লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্ত শেষে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৩:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah