সঞ্জীব ভট্টাচার্য্য : | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | প্রিন্ট | 205 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে টানা তৃতীয় দিনের মতো দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ চলছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টা থেকে থেমে থেমে উপজেলার কালিকচ্ছ বাজার এলাকায় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সংঘর্ষ চলাকালে কয়েকটি দোকানপাট ও বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া সংঘর্ষের কারণে সরাইল-নাসিরনগর-লাখাই সড়কে যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের মো. খাদিমের কাছে এক লাখ টাকা পাওনা রয়েছে বলে দাবি করেন। এ নিয়ে বিরোধের জেরে গত রোববার রাতে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সংঘর্ষে মো. খাদিম নিহত হন।
এরপর সোমবার বিকেলে খাদিমের জানাজার নামাজ শেষে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা ওই সংঘর্ষে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়াসহ অন্তত ২৫ জন আহত হন।
মঙ্গলবার সকালে আবারও দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, “থেমে থেমে সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।”
Posted ৫:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah