সঞ্জীব ভট্টাচার্য্য : | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ | প্রিন্ট | 55 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভুয়া প্রবেশপত্র তৈরি করে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার চেষ্টা করতে গিয়ে এক ছাত্রী ও তাঁর সহযোগী আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার তফাজ্জল আলী ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন কসবা মহিলা কলেজের অকৃতকার্য শিক্ষার্থী তাসফিয়া জান্নাত (১৮) এবং তাঁর ফুফাতো ভাই ইনজামুল হক (১৯)।
পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা যায়, গত বছর এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর এবার নিয়মিত পরীক্ষার্থী পরিচয়ে পরীক্ষায় অংশ নেওয়ার পরিকল্পনা করেন তাসফিয়া। এ উদ্দেশ্যে ইনজামুল হকের সহযোগিতায় মূল প্রবেশপত্রের আদলে একটি ভুয়া প্রবেশপত্র তৈরি করা হয়।
পরীক্ষা শুরুর আগে দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শকেরা প্রবেশপত্র যাচাইয়ের সময় কোড নম্বর ও পরীক্ষার বিষয়ের সঙ্গে শিক্ষা বোর্ডের তথ্যের অসঙ্গতি দেখতে পান। পরে বিষয়টি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তফাজ্জল আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদের নজরে আনা হয়।
অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ জানান, প্রবেশপত্রের কোড নম্বর ও পরীক্ষার বিষয় যাচাই করে এটি ভুয়া বলে নিশ্চিত হওয়া যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানানো হলে কৌশলে অভিযুক্ত দুজনকে অধ্যক্ষের কার্যালয়ে আটক রাখা হয়।
খবর পেয়ে কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে অভিযুক্তরা দোষ স্বীকার করলে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম বলেন, ভুয়া প্রবেশপত্র ব্যবহার করে পরীক্ষায় অংশ নেওয়ার চেষ্টা করায় তাঁদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
Posted ৫:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah