বিনোদন ডেস্ক | শুক্রবার, ০২ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 217 বার পঠিত
খুব কথা কম বলেন ব্যান্ডতারকা জেমস। কনসার্ট-এর বাইরে তাকে অন্য কোথাও দেখা যায় খুব কম। একেবারে নিজের মতো করে জীবন কাটাতে পছন্দ করেন তিনি। বেশির ভাগ সময় থাকেন নীরবই।
তবে এবার সাড়া দিলেন। দেশে চলমান কোটা সংস্কারে আন্দোলনে ছাত্রদের দাবির সঙ্গে একমত হয়েছেন অনেক তারকা। এবার সেই তালিকায় যুক্ত হলেন জেমসও।
শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে অনেকেই ফেসবুক ওয়ালে প্রফাইল ও কাভার ফটোতে লাল রং দিয়ে রেখেছেন। সেই তালিকায় যোগ দিয়েছেন জেমস।
গতকাল ১ আগস্ট বৃহস্পতিবার লাল রঙের মাঝখানে বাংলাদেশের মানচিত্রের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন নগরবাউলখ্যাত জেমস। আজ ১ আগস্ট শুক্রবার দেখা গেল সেই ছবিতে ৫০ হাজার রিঅ্যাক্ট, তিন হাজার ৮০০ মন্তব্য এবং শেয়ার হয়েছে তিন হাজারের বেশি। মন্তব্যের ঘরে কৃতজ্ঞতা জানিয়ে সবাই শিল্পীর প্রশংসা করছেন, দিচ্ছেন ধন্যবাদ। কেউ কেউ ছাত্র আন্দোলন নিয়ে জেমসের কাছে নতুন গানেরও আবদার তুলেছেন।
অন্যদিকে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন ‘মাকসুদ ও ঢাকা’ ব্যান্ডের ভোলাল মাকসুদুল হক। তিনি জানান, ৩ আগস্ট বিকেল ৩টায় শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে আমরা সংগীতশিল্পীরা সবাই মিলিত হবো রবীন্দ্রসরোবরে (ধানমণ্ডি ৮/এ)। গানে গানে আমরা শিল্পীরা সংহতি প্রকাশ করব। যারা ঢাকার বাইরে আছেন তারা নিজ নিজ জেলার উপযুক্ত স্থানে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করবেন।
Posted ৩:৩৩ অপরাহ্ণ | শুক্রবার, ০২ আগস্ট ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah