অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 70 বার পঠিত
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূরকে ঘিরে তিন দশক ধরে নানা আলোচনা রয়েছে। পর্দায় তাদের দারুণ রসায়নের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও তৈরি হয়েছে নানা গল্প। বিশেষ করে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল কি না—এ প্রশ্নও বারবার সামনে এসেছে। এবার এ বিষয়ে মুখ খুলেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী।
সম্প্রতি সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেফতার হওয়ার পর বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে ছেলে ও শাবনূরের সম্পর্ক নিয়েও মন্তব্য করেন নীলা চৌধুরী। তার দাবি, শাবনূরের সঙ্গে সালমানের কোনো প্রেমের সম্পর্ক ছিল না। বরং শাবনূরকে নিজের ছোট বোনের মতোই দেখতেন সালমান।
নীলা চৌধুরী জানান, শাবনূর সালমানের ওপর নির্ভরশীল ছিলেন এবং সালমানও তাকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করতেন। সালমানের কোনো বোন না থাকায় শাবনূরকে তিনি বোনের মতো স্নেহ করতেন।
তবে শাবনূরকে নিয়ে কিছু অভিযোগও করেছেন সালমানের মা। তার দাবি, শাবনূর কখনো কখনো সালমানের সঙ্গে তার বিশেষ সম্পর্ক রয়েছে—এমন ধারণা তৈরি করার চেষ্টা করতেন। পরে তাদের সম্পর্ক নিয়ে নানা ধরনের গল্প ছড়িয়ে পড়ে।
অন্যদিকে, শাবনূর বরাবরই এসব প্রেমের গুঞ্জন অস্বীকার করে এসেছেন। তার বক্তব্য, সালমানকে তিনি কখনো প্রেমিক হিসেবে দেখেননি, বরং ভাইয়ের মতো সম্মান করতেন। তিনি বলেন, কিছু মানুষ ও গণমাধ্যম তাদের বন্ধুত্বকে ঘিরে মুখরোচক গল্প তৈরি করেছে।
১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে সালমান শাহর অভিষেক ঘটে। এতে তার নায়িকা ছিলেন মৌসুমী। পরবর্তীতে ‘তুমি আমার’ সিনেমার মাধ্যমে শাবনূরের সঙ্গে তার জুটি বাঁধা শুরু হয়। মাত্র চার বছরের অভিনয়জীবনে সালমান মোট ২৭টি সিনেমায় অভিনয় করেন, যার মধ্যে ১৪টিতেই তার নায়িকা ছিলেন শাবনূর।
এই জুটির ‘সুজন সখী’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিক্ষোভ’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’ ও ‘আনন্দ অশ্রু’র মতো ব্যবসাসফল সিনেমাগুলো আজও বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মাইলফলক হয়ে আছে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পরও তার ব্যক্তিজীবন ও সম্পর্ক নিয়ে আলোচনা থামেনি। তিন দশক পরও সেই আলোচনায় নতুন করে যুক্ত হলো তার মায়ের বক্তব্য।
Posted ৭:০৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah