জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শনিবার, ১৮ জুলাই ২০২৬ | প্রিন্ট | 49 বার পঠিত
গাজীপুরের টঙ্গীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামিকে গ্রেফতার এবং ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় পুলিশের গড়িমসির অভিযোগও তোলেন তারা।
শুক্রবার রাত পৌনে ৮টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় বিক্ষোভকারীরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের অনুরোধে রাত ৯টার দিকে তারা সড়ক ছেড়ে দিলে প্রায় দেড় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগ, গত ১২ জুলাই রবিবার সন্ধ্যার পর স্থানীয় ব্যবসায়ী বিপ্লব শিশুটিকে ধর্ষণ করেন। পরে ঘটনাটি কাউকে না জানানোর জন্য শিশুটিকে ভয়ভীতি দেখানো হয়। পরদিন সোমবার দুপুরে অসুস্থ হয়ে পড়লে শিশুটি তার মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে।
পরিবারের দাবি, এরপর স্থানীয়রা অভিযুক্ত বিপ্লবকে আটক করে এবং শিশুটির পরিবারকে থানায় পাঠায়। তবে পুলিশ মামলা না নিয়ে স্থানীয়ভাবে আপস-মীমাংসার পরামর্শ দেয়। পরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বৃহস্পতিবার ভুক্তভোগীর পরিবার মামলা দায়ের করে।
ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তির দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার সন্ধ্যায় মিলগেট এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয়রা। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।
ভুক্তভোগী শিশুর বাবা অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী সীমা-ফারুক দম্পতির ইন্ধনে পুলিশ প্রথমে মামলা নিতে গড়িমসি করেছে। তিনি অভিযুক্ত বিপ্লব ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার পরিদর্শক ইমানুর রহমান বলেন, “এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
Posted ৭:০০ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah