সঞ্জীব ভট্টাচার্য্য : | শনিবার, ১১ জুলাই ২০২৬ | প্রিন্ট | 54 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিহাদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের খাঁটিহাতা হাইওয়ে থানা এলাকার ব্র্যাক অফিসসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
নিহত জিহাদ সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের আজগর আলীর ছেলে। পরিবারের দাবি, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া অথবা পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি নিখোঁজ রয়েছে।
স্বজনদের ভাষ্য, বিকেলে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার পর সন্ধ্যায় বাবাকে আনতে বাড়ি থেকে বের হয় জিহাদ। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের মতে, জিহাদের বাম হাত ও ঊরুতে ধারালো অস্ত্রের আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।
নিহতের বাবা আজগর আলী বলেন, “মাগরিবের পর ছেলে আমাকে আনতে বের হয়েছিল। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় তাকে পাই। তার মোবাইল ফোনটিও ছিল না। ছিনতাইকারী অথবা পরিকল্পিতভাবে কেউ আমার ছেলেকে হত্যা করেছে। আমি জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, “ছুরিকাঘাতে কিশোর হত্যার ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এটি ছিনতাইয়ের ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং আলামত জব্দ করা হয়েছে। রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
Posted ৪:৩৮ অপরাহ্ণ | শনিবার, ১১ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah