অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ | প্রিন্ট | 14 বার পঠিত
দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ২০০৫ সালের কার্ডিফের ঐতিহাসিক জয়ের পর আবারও বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল টাইগাররা। বৃষ্টি-বিঘ্নিত প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ৮৬ রানের বড় জয় পেয়েছে মেহেদী হাসান মিরাজের দল।
মঙ্গলবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ওভারে ২৮৪ রান সংগ্রহ করে। জবাবে অস্ট্রেলিয়া ৪২.২ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯১ রান তুললে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর ম্যাচ অফিসিয়ালরা ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশকে জয়ী ঘোষণা করেন।
রান তাড়ায় নেমে শুরু থেকেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। ইনিংসের প্রথম বলেই ম্যাট শর্টকে বোল্ড করে বাংলাদেশকে দুর্দান্ত সূচনা এনে দেন তাসকিন আহমেদ। পরের ওভারেই মার্নাস লাবুশেনকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মুস্তাফিজুর রহমান।
এরপর নাহিদ রানা ও মোসাদ্দেক হোসেন সৈকতের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। কুপার কনোলি (৩৫), অ্যালেক্স ক্যারি (৪৭) ও ম্যাট রেনশসহ একের পর এক ব্যাটারকে সাজঘরে ফেরায় বাংলাদেশ।
৪১ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা বোলিং পারফরম্যান্স উপহার দেন নাহিদ রানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে এটি বাংলাদেশের কোনো বোলারের সেরা বোলিং ফিগার। মোসাদ্দেকও দুটি উইকেট নেওয়ার পাশাপাশি ফিল্ডিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
এর আগে ব্যাট হাতে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন মোসাদ্দেক হোসেন সৈকত। প্রায় চার বছর পর জাতীয় দলে ফিরে ছয় নম্বরে নেমে ৭০ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা।
বাংলাদেশের পক্ষে নাজমুল হোসেন শান্ত ৬৭ এবং তানজিদ হাসান তামিম ৫৪ রান করেন। শেষ দিকে তাসকিন আহমেদের ১৫ বলে ২০ রানের ঝড়ো ইনিংস দলীয় সংগ্রহকে আরও শক্ত ভিত্তি দেয়।
অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এছাড়া ম্যাট রেনশ ও লিয়াম স্কট দুটি করে উইকেট শিকার করেন।
এই জয়ের মাধ্যমে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়সংখ্যা দাঁড়াল দুইয়ে। ২০০৫ সালের কার্ডিফের ঐতিহাসিক জয়ের পর এটি টাইগারদের প্রথম সাফল্য। একই ভেন্যুতে আগামী বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
Posted ৩:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah