সঞ্জীব ভট্টাচার্য্য : | শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ | প্রিন্ট | 90 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের হিন্দুপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২২টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। একই সঙ্গে অবৈধ গ্যাস সংযোগ গ্রহণের দায়ে ছয়জনকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বিজিডিসিএলের কুমিল্লা কার্যালয়ের জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া এরিয়া বিতরণ কার্যালয়ের আওতাধীন হিন্দুপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ২২টি অবৈধ গ্যাস সংযোগের রাইজার উচ্ছেদ, কর্তন ও ওয়েল্ডিংয়ের মাধ্যমে স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়। এছাড়া তিনটি গ্যাস রেগুলেটর জব্দ করা হয় এবং ৩ থেকে ৪ ইঞ্চি ব্যাসের ১৯৬ মিটার এমএস পাইপ অপসারণ করা হয়। একই সঙ্গে প্রায় ৪০০ মিটার অবৈধ গ্যাস নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার অপরাধে ছয়জনকে ১০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
বিজিডিসিএল জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ নির্মূল, গ্যাসের অপচয় রোধ এবং নিরাপদ ও সুশৃঙ্খল গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
Posted ১০:১৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah