সঞ্জীব ভট্টাচার্য্য : | শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ | প্রিন্ট | 41 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে পৃথক অভিযানে ৩৪ লাখ ৬১ হাজার ৫০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
শুক্রবার (২৪ জুলাই) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চন্ডিদার, কসবা, মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী ও শংকুচাইল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, সীমান্তে গোয়েন্দা নজরদারি জোরদারের অংশ হিসেবে পরিচালিত এসব অভিযানে ভারতীয় বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, ফুসকা, শিং মাছ, গরু, বিভিন্ন ধরনের ওষুধ, আতশবাজি, শাড়ি, ভ্যাসমল, গাঁজা এবং একটি ইজিবাইক জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩৪ লাখ ৬১ হাজার ৫০ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর নির্দেশনা ও পরিকল্পনায় এসব অভিযান পরিচালিত হয়। বিজিবি জানায়, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্তে চোরাচালান, মাদক, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন) প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সুলতানপুর ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Posted ৮:৫১ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah