সঞ্জীব ভট্টাচার্য্য | রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 279 বার পঠিত
নবীনগরে প্রাইভেটকার ও ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে দুলাল মিয়া (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৩ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ছয়টার দিকে রাধিকা-নবীনগর সড়কের শিবপুর কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার এলাকার মৃত সরুজ মিয়ার ছেলে। এসময় দুলাল মিয়ার শ্যালিকা ঝর্ণা বেগম (৪০) গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে দুলাল মিয়া মোটরসাইকেল যোগে শ্যালিকা ঝর্ণা বেগমকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে যান। পরে নবীনগরের শিবপুরে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে তাদের বহনকারী মোটরসাইকেলটি একটি প্রাইভেটকার ও ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুলাল মিয়া। গুরুতর আহত ঝর্ণা বেগমকে প্রথমে ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Posted ৬:৪৬ পূর্বাহ্ণ | রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah