ফরিদ আহমেদ, নবীনগর প্রতিনিধি : | বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 211 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সাবেক সংসদ সদস্য ও বিকন ফার্মাসিটিক্যালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এবাদুল করিম বুলবুল মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স ছিল ৭০ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি এবং ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে এবাদুল করিম বুলবুল প্রথম আলোচনায় আসেন ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে আওয়ামীলীগের মনোনয়নের মাধ্যমে। মনোনয়ন পেয়েও ১৪ দলীয় জোটের কারণে হাসানুল হক ইনুর প্রার্থী শাহ জিকরুল আহমেদ খোকন জোটের মনোনয়ন পাওয়ায় প্রার্থীতা ছেড়ে দিতে হয় এবাদুল করিমকে। পরে ২০১৮ সালে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
আজ বৃহস্পতিবার বাদ আসর গুলশান আজাদ মসজিদে নামাজে জানাযা শেষে বনানী কবরস্থানে মরহুমের মৃতদেহ দাফন করা হবে। সাবেক সাংসদের মৃত্যুতে স্থানীয় আওয়ামীলীগ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক সাংস্কৃতিক কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।
Posted ১০:২৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah