জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 137 বার পঠিত
গাজীপুর-৫ (কালিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন বলেছেন, যারা কোনো দোষ করেননি এবং সমাজে সবার সঙ্গে সৎভাবে মিলেমিশে থেকেছেন—তারা যে দলেরই হোক না কেন, তাদের কোনো ক্ষতি করা হবে না। এ বিষয়ে তিনি নিজের ও দলের পক্ষ থেকে গ্যারান্টি দেন।
আজ ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার গাজীপুরের কালিগঞ্জে অনুষ্ঠিত একাধিক নির্বাচনী জনসভায় একথা বলেন তিনি।
ফজলুল হক মিলন বলেন, অতীতে তিনি অন্যায়ভাবে জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন এবং ১১ বার কারাবরণ করেছেন। তাঁর সহধর্মিণীর ওপরও অমানবিক হামলা ও নির্যাতন চালানো হয়েছে। এরপরও তিনি প্রতিশোধের পথে না গিয়ে বিচারের জন্য অপেক্ষা করেছেন।
তিনি বলেন, যারা অন্যায় করেছে, তারা তাদের প্রাপ্য শাস্তি পেয়েছে। তাদের নেত্রী দেশ ছেড়ে পালিয়েছেন। এখন আমার কোনো অভিযোগ নেই।
প্রতিশোধপরায়ণ রাজনীতির বিরুদ্ধে অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, তিনি কিংবা তাঁর দলের কেউ কোনো দলের নেতাকর্মী বা সাধারণ মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নেবে না। সবাইকে মিলেমিশে বসবাস করার আহ্বান জানান তিনি।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে পাশে থাকার সুযোগ দিন। আপনাদের প্রতিটি অধিকার নিশ্চিত করতে এবং সব সুযোগ-সুবিধা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে আমি সারাজীবন পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।
Posted ৫:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah