সঞ্জীব ভট্টাচার্য্য : | বুধবার, ০১ জুলাই ২০২৬ | প্রিন্ট | 67 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে পৃথক অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের অধীন বিভিন্ন বিওপির টহলদল মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মঈনপুর, চণ্ডীদার ও কসবা এলাকা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী ও মাদলা সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানে প্রায় ১ কোটি ৪১ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় বাসমতি চাল, শাড়ি, উন্নতমানের সাবান, গরু, চকলেট, মরিচের বীজ, নিউরোবিন ফোর্টি ট্যাবলেট, চিংড়ি মাছের রেণু এবং গাঁজা।
বিজিবি জানিয়েছে, জব্দ করা পণ্যসমূহ আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন) এবং নারী-শিশু পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।
তিনি আরও বলেন, এসব অপরাধ প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও সীমান্তে সব ধরনের অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
Posted ৫:২৩ অপরাহ্ণ | বুধবার, ০১ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah