সঞ্জীব ভট্টাচার্য্য : | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ | প্রিন্ট | 165 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ‘খালা’ পরিচয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিশু শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের চেষ্টার অভিযোগে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নের তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
শিশুটির নাম জান্নাত আক্তার (৫)। সে তুল্লাপাড়া গ্রামের আব্দুল বাছিরের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, ক্লাস চলাকালে সুমাইয়া আক্তার বিদ্যালয়ে এসে নিজেকে শিশুটির খালা হিসেবে পরিচয় দেন। পরে তিনি শিশুটিকে সঙ্গে নিয়ে বিদ্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করলে শিক্ষকদের সন্দেহ হয়। তারা তাৎক্ষণিকভাবে শিশুটির মায়ের সঙ্গে যোগাযোগ করেন।
পরে শিশুটির মা বিদ্যালয়ে এসে নিশ্চিত করেন যে, আটক তরুণী তার বোন নন এবং শিশুটির কোনো আত্মীয়ও নন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সুমাইয়াকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, আটক সুমাইয়া আক্তারের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম বলেন, শিশুকে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে এক তরুণীকে আটক করা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিশুটি বর্তমানে নিরাপদে তার পরিবারের জিম্মায় রয়েছে।
Posted ২:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah