সঞ্জীব ভট্টাচার্য্য : | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | প্রিন্ট | 37 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৬৫টি কচ্ছপ উদ্ধার করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। পরে বন বিভাগের তত্ত্বাবধানে কচ্ছপগুলো তাদের প্রাকৃতিক আবাসস্থল সালদানদীতে অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা উপজেলার সালদানদী বিওপির টহলদল দায়িত্বপূর্ণ শহীদ মিনার এলাকায় অভিযান পরিচালনা করে এসব কচ্ছপ জব্দ করে। জব্দ হওয়া কচ্ছপের মধ্যে ৪টি বড় পেপসেল টারটেল এবং ৬১টি ছোট সন্দি কাসিম প্রজাতির কচ্ছপ রয়েছে।
বিজিবি জানায়, টহলদলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কচ্ছপগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে দেশের প্রচলিত আইন ও বন্যপ্রাণী সংরক্ষণ বিধিমালা অনুযায়ী বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে এবং বিজিবির তত্ত্বাবধানে উদ্ধার করা কচ্ছপগুলো সালদানদীতে অবমুক্ত করা হয়।
অবমুক্তকরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সালদানদী কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো. মাসুদ, কুমিল্লা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজেহার ইসলাম চৌধুরী, ব্রাহ্মণপাড়া উপজেলা বন কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বন্যপ্রাণী রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি সীমান্ত এলাকায় বন্যপ্রাণী পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধের সঙ্গে বনজ ও বন্যপ্রাণীসহ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণেও বিজিবি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় চোরাচালান ও বন্যপ্রাণী পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
Posted ১০:১১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah