সঞ্জীব ভট্টাচার্য্য : | শনিবার, ২৫ জুলাই ২০২৬ | প্রিন্ট | 30 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫১ লাখ ২৭ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানী পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
শনিবার (২৫ জুলাই) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও খারেরা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়।
অভিযানে ভারতীয় অবৈধ বাসমতি চাল, ফুসকা, বিভিন্ন ধরনের চকলেট, গরু, বাজি, শাড়ি, নবরত্ন তেল, ইমামী সেভেন অয়েল, ভ্যাসমল, স্কিন সাইন ক্রিম ও মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ৫১ লাখ ২৭ হাজার ৪০০ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
Posted ৮:৩৩ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah