জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ২৬ জুলাই ২০২৬ | প্রিন্ট | 107 বার পঠিত
বরিশালের গৌরনদী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনের রুটির ভেতরে ধারালো ব্লেড পাওয়ার ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে গঠিত তদন্ত কমিটি শনিবার সন্ধ্যায় গাজীপুরের টঙ্গীতে অবস্থিত প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোকোলা ফুড প্রোডাক্টস-এর কারখানা পরিদর্শন করেছে।
কারখানা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম, তদন্ত কমিটির আহ্বায়ক ও উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার শেখ, সদস্য উপজেলা মেডিকেল অফিসার ডা. সৌভিক সরকার, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর কুমার দাশ এবং সদস্য সচিব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম নুরুল আলম মৃধা।
পরিদর্শনকালে তদন্ত কমিটি কারখানার উৎপাদন প্রক্রিয়া ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থা পর্যবেক্ষণ করে। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে কোকোলা ফুড প্রোডাক্টসের খাদ্যপণ্য উৎপাদন করা হয়। তাদের মতে, বিদ্যমান উৎপাদন ব্যবস্থায় কোনোভাবেই খাবারের ভেতরে এ ধরনের ধারালো ব্লেড প্রবেশের সুযোগ নেই।
উল্লেখ্য, গত ২২ জুলাই বরিশালের গৌরনদী উপজেলার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিতরণ করা টিফিনের একটি রুটির ভেতরে ধারালো ব্লেড পাওয়া যায়। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রকাশ্যে আসার পর উপজেলা প্রশাসন ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি বর্তমানে ঘটনাটির সব দিক খতিয়ে দেখছে এবং তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করবে।
Posted ৯:১৮ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah