সঞ্জীব ভট্টাচার্য্য : | শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ | প্রিন্ট | 40 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উত্তর সুহিলপুর এলাকায় অভিযান চালিয়ে ২৬টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। একই সঙ্গে অবৈধ সংযোগ নেওয়ার দায়ে পাঁচজনকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া এরিয়া বিতরণ কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার। বিষয়টি নিশ্চিত করেছে বিজিডিসিএলের কুমিল্লা কার্যালয়ের জনসংযোগ বিভাগ।
অভিযানে অবৈধ ২৬টি গ্যাস সংযোগের রাইজার উচ্ছেদ করে কর্তন ও ওয়েল্ডিংয়ের মাধ্যমে স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়। এছাড়া প্রায় ৩০০ মিটার অবৈধ গ্যাস লাইন অপসারণ করা হয়।
এ সময় পাঁচটি গ্যাস রেগুলেটর, প্রায় ৪০০ মিটার তিন-চতুর্থাংশ ইঞ্চি এমএস পাইপ এবং ২০ মিটার প্লাস্টিকের হোজ পাইপ জব্দ করা হয়। তবে অভিযানের আগেই কয়েকজন গ্রাহক তাঁদের ব্যবহৃত গ্যাস রেগুলেটর খুলে ফেলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভ্রাম্যমাণ আদালতে অবৈধ গ্যাস সংযোগ গ্রহণের দায়ে পাঁচজনকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
বিজিডিসিএলের কর্মকর্তারা জানান, অবৈধ গ্যাস সংযোগ রাষ্ট্রীয় সম্পদের অপচয় ঘটানোর পাশাপাশি জননিরাপত্তার জন্যও বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করে। এ ধরনের অনিয়ম প্রতিরোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Posted ১০:২৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah