সঞ্জীব ভট্টাচার্য্য : | বুধবার, ০৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 11 বার পঠিত
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, শহীদ পরিবারের সদস্য ও আহতদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে শহরের পৌর জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা প্রশাসক মো. আবু সাঈদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পরে স্থানীয় আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে শহীদ পরিবারের সদস্য ও জুলাই আন্দোলনে আহতদের সংবর্ধনা এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, জেলা জামায়াতের আমির মোবারক হোসেন আকন্দ এবং জেলা এনসিপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম। এছাড়া জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন এবং ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করতে ভূমিকা রেখেছেন, তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”
তিনি আরও বলেন, বর্তমান সরকার একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে। ভবিষ্যতে দেশে যেন আর কোনো ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সংবর্ধনা দেওয়া হয়।
Posted ৪:০৬ অপরাহ্ণ | বুধবার, ০৫ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah