অনলাইন ডেস্ক | শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত
যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দীর্ঘদিন পর দেশে ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তাকে দেখতে রাজধানীর গুলশানের বাসায় যান বর্ষীয়ান অভিনেত্রী রোজিনা। এ সময় তিনি ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সঙ্গে কুশল বিনিময় করেন।
পরে সাক্ষাতের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রোজিনা।
ফেসবুকে ছবি পোস্ট করে রোজিনা লেখেন, ‘বাংলা চলচ্চিত্রের অভিনেতা কাঞ্চন। কয়েক দিন আগেই লন্ডন থেকে ঢাকায় এসেছে। কাঞ্চনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তার গুলশানের বাসায়। কাঞ্চন এখনো পুরোপুরি সুস্থ হয়নি। ইনশাআল্লাহ, অতি দ্রুতই সুস্থ হয়ে যাবে।’
ইলিয়াস কাঞ্চনের চিকিৎসার পরবর্তী ধাপের কথা জানিয়ে রোজিনা আরও বলেন, লন্ডনের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী ১২ আগস্ট আবারও চিকিৎসার জন্য লন্ডনে যাবেন ইলিয়াস কাঞ্চন। একই সঙ্গে তিনি সবার কাছে অভিনেতার জন্য দোয়া কামনা করে বলেন, মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।
উল্লেখ্য, ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন ইলিয়াস কাঞ্চন। গত বছরের এপ্রিল থেকে যুক্তরাজ্যে তার চিকিৎসা চলছে। ওই বছরের আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হলেও জটিলতার কারণে টিউমারটি পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি। পরে চিকিৎসকদের পরামর্শে তিন ধাপে তাকে প্রায় একশটি কেমোথেরাপি নিতে হয়েছে।
দীর্ঘ চিকিৎসার পরও আশানুরূপ উন্নতি না হলেও পরিবারের সঙ্গে কিছুদিন সময় কাটাতে দেশে ফিরেছেন এই অভিনেতা।
Posted ১:৪৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah