আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর : | শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 7 বার পঠিত
গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের পাচুলটিয়া গ্রামে ভয়াবহ এক ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী ডাকাতদল ছামাদ মোল্লার বাড়িতে হামলা চালায়। ডাকাতরা ঢেঁকি দিয়ে ঘরের দরজা ভেঙে পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় আধাঘণ্টা ধরে ঘরের সব আসবাবপত্র তছনছ করে দেয়। এ সময় তারা ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মালামালসহ প্রায় ৪০ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে যায়।
ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ডাকাতদলটি অত্যন্ত নিষ্ঠুর ও সুপরিকল্পিতভাবে এই ডাকাতি পরিচালনা করেছে। তারা কোনো শব্দ না করেই বাড়িতে ঢুকে পরিবারের সবাইকে একত্রিত করে অস্ত্রের মুখে জিম্মি করে রেখে লুটপাট চালায়।
ছামাদ মোল্লা বলেন, ‘রাত দুইটার দিকে ডাকাতরা বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা আমাদের সবাইকে এক জায়গায় জড়ো করে অস্ত্র দেখিয়ে ভয় দেখায়। তারপর ঘরের সব জিনিসপত্র তছনছ করে লুট করে নেয়।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে এবং ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি শ্রীপুরের বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা বেড়েছে। এলাকাবাসী প্রশাসনের কাছে রাতে টহল জোরদার ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
Posted ১:৫০ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah