রবিবার ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে তিতাসের পাড়ে মাদকবিরোধী তরুণ শক্তির নৌকা বাইচ

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শনিবার, ২২ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   15 বার পঠিত

সরাইলে তিতাসের পাড়ে মাদকবিরোধী তরুণ শক্তির নৌকা বাইচ

মাদকের করাল গ্রাস থেকে তরুণ সমাজকে দূরে রাখতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার বুড্ডা এলাকার তিতাস নদীর তীরে সামাজিক সংগঠন ‘মাদকবিরোধী তরুণ শক্তি’র উদ্যোগে এ নৌকা বাইচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নৌকা বাইচকে ঘিরে তিতাস নদীর দুই পাড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়। বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ, কাড়ানাকাড়ার তালে মাঝিমাল্লাদের সারি গান আর দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে বুড্ডা, কুচনী ও ক্ষেমতাপুর এলাকার নদীতীর। আবহমান বাংলার এই লোকজ সংস্কৃতির আয়োজন দেখতে দূর-দূরান্ত থেকে বিপুলসংখ্যক মানুষ নদীর দুই পাড়ে ভিড় করেন।

জেঠাগ্রাম, হরিণবেড়, শাহজাদাপুর ও মলাইশসহ বিভিন্ন এলাকা থেকে অনেকে ট্রলার ও ইঞ্জিনচালিত নৌকায় করে অনুষ্ঠানস্থলে আসেন। পাশাপাশি সরাইল সদর, শাহবাজপুর, কালিকচ্ছসহ বিভিন্ন এলাকার দর্শনার্থীরা মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়িতে করে তিতাসের পাড়ে সমবেত হন।

দর্শনার্থীরা বলেন, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।

হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা শেষে প্রথম স্থান অর্জন করে সরাইলের ক্ষেমতাপুর দল। বিজয়ী দলকে পুরস্কার হিসেবে একটি ষাঁড় গরু দেওয়া হয়। দ্বিতীয় স্থান অর্জন করে স্বাগতিক বুড্ডা দল; তারা পায় একটি ফ্রিজ। তৃতীয় হয় বিজয়নগরের এত্তারপুর দল, তাদের পুরস্কার দেওয়া হয় একটি এলইডি টিভি। প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্যান্য নৌকাকেও সান্ত্বনা পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা করে দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্জ সিরাজুল ইসলাম (সিরাজ)। অনুষ্ঠানের উদ্বোধন করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

মাদকবিরোধী তরুণ শক্তির সভাপতি ও সমাজসেবক শেখ রাকিব উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্জ আনিছুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়াসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ওসমান উল্লাহ। প্রধান অতিথির সমাপনী বক্তব্য ও সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে দিনব্যাপী এ নৌকা বাইচ উৎসবের সমাপ্তি হয়।

Facebook Comments Box

Posted ২:১৫ অপরাহ্ণ | শনিবার, ২২ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া