সঞ্জীব ভট্টাচার্য্য : | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 10 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধ ও মৎস্য সম্পদ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় নদী থেকে ছয়টি অবৈধ ঘের ও দলকাটা উচ্ছেদ এবং ২৫টি রিং জাল জব্দ করা হয়। পাশাপাশি অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরার অপরাধে একজনকে আটক করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আক্কাছ আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ছালাহ উদ্দিন ভূঞা, নবীনগর থানার পুলিশ সদস্য, উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারী এবং আনসার সদস্যরা।
অভিযান চলাকালে অবৈধ রিং জাল ও চায়না দুয়ারি জাল ব্যবহার করে মাছ ধরার অপরাধে একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
এদিকে অভিযানে জব্দ করা ২৫টি রিং জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সংশ্লিষ্টরা জানান, তিতাস নদীর মৎস্য সম্পদ রক্ষা, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Posted ২:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah