সঞ্জীব ভট্টাচার্য্য : | শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ | প্রিন্ট | 249 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে ৫ মার্চ বৃহস্পতিবার ‘বসুন্ধরা শুভসংঘ রেলওয়ে স্টেশন লাইব্রেরি’ উদ্বোধন করা হয়েছে। লাইব্রেরিতে বরেণ্য লেখক ইমদাদুল হক মিলনের ৮৫টি এবং প্রয়াত হুমায়ুন আহমেদের ২৫টি বই রাখা হয়েছে।
লাইব্রেরি স্থাপনে সহযোগিতা করেছেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান। আলমীরার জন্য অর্থ দিয়েছেন সৌদি প্রবাসী আখাউড়া রাধানগরের মো. দেলোয়ার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্টেশন সুপারিনটেনডেন্ট নুরুন্নবী ভূঁইয়া বলেন, “ট্রেনের জন্য অপেক্ষারত কেউ স্টেশনে বসে বই পড়লে এর চেয়ে ভালো কিছু হতে পারে না।” নিরাপত্তাবাহিনীর কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, “এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ, যা সত্যিই প্রশংসার যোগ্য।”
আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি মো. মানিক মিয়া বলেন, “এ ধরনের উদ্যোগ আখাউড়ার সম্মান বৃদ্ধি করেছে। আশা করি এটি সারাদেশে ছড়িয়ে পড়বে।”
লাইব্রেরি উদ্বোধনে আখাউড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন, যুবদল নেতা জাবেদ আহমেদ ভূঁইয়া, স্থানীয় সাংবাদিক ও রেলওয়ে স্টেশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে আলোচনা সভায় আগামী বই মেলা থেকে নতুন বই লাইব্রেরিতে সংযোজনের পরিকল্পনা ঘোষণা করা হয়।
Posted ৯:১৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah