অনলাইন ডেস্ক | শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 202 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে। তবে বানবাসি মানুষের দুর্ভোগ কমেনি। ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও উপজেলার সীমান্তবর্তী হাওড়া বাঁধ ভেঙে গত চারদিন ধরে পানিবন্দি হয়ে আছে অন্তত পাঁচ শতাধিক পরিবার। দূর থেকে দেখলে মনে হয় গ্রামগুলো পানিতে ভাসছে। বন্যার কারণে কর্মহীন হয়ে পড়েছে এলাকার শত শত মানুষ। এদিকে সংশ্লিষ্ট প্রশাসনের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক দলের নেতাকর্মীরা বানবাসি মানুষদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করছেন।
একাধিক ভুক্তভোগী জানান, উপজেলার সীমান্তবর্তী হাওড়া বাঁধ ভেঙে আখাউড়া-আগরতলা সড়কের দু’পাশের কালিকাপুর, বীরচন্দ্রপুর, আবদুল্লাহপুর, বঙ্গেরচর, রহিমপুর, সাহেবনগর ও মোগড়া এলাকার বাউতলা, উমেদপুর, নীলাখাত, নয়াদিল, টানোয়াপাড়া, নোয়াপাড়া, নুনাসার, বচিয়ারা, ধাতুর পহেলা, কুসুম বাড়ি, আদমপুরসহ অন্তত ৩৫টি গ্রাম পানিতে তলিয়ে যায়।
এতে পানিবন্দি হয়ে পড়ে অন্তত পাঁচ শতাধিক পরিবার।
গ্রামের অধিকাংশ বাড়িতে হাঁটু থেকে কোমর সমান পানি। তাদের রান্না করার চুলাটিও রয়েছে পানির নিচে। থাকার জায়গা নেই। অনেকে আশ্রয়কেন্দ্রে চলে গেছেন। কেউ বা চলে গেছেন আত্মীয় স্বজনের বাড়িতে। যারা গবাদিপশু পালন করছেন, তাদের যেন চিন্তার শেষ নেই। জীবন বাঁচাতে অনেকে কেবল শুকনো চিড়া-মুড়ি খেয়েই দিন কাটাচ্ছেন। রাত থেকে বন্যার পানি কমতে শুরু করলেও মানুষের দুর্ভোগ এখনো কমেনি।
Posted ৪:১১ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah