অনলাইন ডেস্ক | শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 233 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে ধানবীজ বিতরণ করা হয়েছে। রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রণোদনা হিসেবে কৃষকদের মাঝে এ বীজ বিতরণ করা হয়।
আজ ৩০ আগস্ট শুক্রবার উপজেলা কৃষি অফিস এ আয়োজন করে। প্রত্যেক কৃষককে বিনামূল্যে ৫ কেজি করে রোপা আমন ধানের বীজ দেওয়া হয়।
আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুমের পরিচালনায় বিনামূল্যে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও গাজালা পারভীন রুহি।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদুল হাসান, উপ-সহকারী কৃষি অফিসার মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এ উপজেলায় ১৭৭০ হেক্টর জমি পানিতে তলিয়ে যায়। ইতোমধ্যে জমি থেকে পানি সরে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হয়েছে।
তিনি আরো বলেন, কৃষি উৎপাদনের ধারা অব্যাহত রাখা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বন্যা-পরবর্তী সহায়তা হিসেবে রোপা আমন বীজ বিতরণ করা হয়েছে। কৃষি ও কৃষকদের উন্নয়নে সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে।
Posted ৪:১১ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah