জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 311 বার পঠিত
ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতিতে লেগেছে নতুনের ছোঁয়া। সেই আবেশে বর্ণাঢ্য আয়োজনে টাঙ্গাইলজুড়ে উদযাপিত হয়েছে বসন্তবরণ ও ভালোবাসা দিবস।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই জেলা শহরসহ বিভিন্ন উপজেলার বিনোদনকেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। ভালোবাসা ও বন্ধুত্বের নিদর্শন হিসেবে প্রিয় মানুষের হাতে লাল গোলাপ তুলে দিতে দেখা গেছে অনেককে।
শহরের প্রাণকেন্দ্র ডিসি লেক, এসপি পার্ক, মণতলা, সোলপার্ক ও পৌর উদ্যানে তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
হলুদ ও লাল রঙের পোশাকে সেজে প্রিয়জনের সঙ্গে ঘুরতে বেরিয়েছেন অনেকে। শুধু যুগল নয়, পরিবার-পরিজন ও সন্তানদের নিয়েও অনেককে পার্কে সময় কাটাতে দেখা গেছে।
জেলার ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানগুলোতেও এদিন ছিল দর্শনার্থীদের ঢল। মহেরা জমিদার বাড়ি, মধুপুর জাতীয় উদ্যান, ২০১ গম্বুজ মসজিদ, ধনবাড়ী নওয়াব প্যালেস, যমুনা নদীর পাথরঘাট ও যমুনা রিসোর্টসহ বিভিন্ন স্থানে দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা ভিড় জমান। এসব এলাকায় যুগলদের ছবি তোলা ও আড্ডায় মেতে থাকতে দেখা যায়।
দিবসটি উপলক্ষে শহরের বিভিন্ন পয়েন্টে ফুলের দোকানগুলোতেও ছিল ক্রেতাদের ভিড়। একটি লাল গোলাপ ৬০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়েছে। বিক্রেতারা জানান, রজনীগন্ধা, লাল গোলাপ, নীল গোলাপ ও গ্ল্যাডিওলাসের চাহিদা অন্যান্য দিনের তুলনায় কয়েকগুণ বেশি ছিল। নিরালা মোড় ও ভিক্টোরিয়া রোড এলাকার পুষ্প প্রদর্শনীও ছিল দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।
অপ্রীতিকর ঘটনা এড়াতে বিনোদনকেন্দ্রগুলোতে পুলিশি টহল জোরদার করা হয়। বিকালে শহরের বিভিন্ন রেস্তোরাঁ ও ক্যাফেতে বিশেষ প্যাকেজের আয়োজন ছিল। প্রিয়জনের সঙ্গে ডিনার বা কফি আড্ডায় দিনটিকে স্মরণীয় করে রাখতে ব্যস্ত সময় কাটিয়েছেন টাঙ্গাইলবাসী।
সব মিলিয়ে আনন্দ, উচ্ছ্বাস ও ভালোবাসার আবহে টাঙ্গাইলে বসন্তবরণ ও ভালোবাসা দিবস শান্তিপূর্ণ ও জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে।
Posted ১২:৩৫ অপরাহ্ণ | রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah