জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শনিবার, ১১ জুলাই ২০২৬ | প্রিন্ট | 98 বার পঠিত
রুদ্ধশ্বাস ফাইনালে ট্রাইব্রেকারে ৩-২ গোলে মানিকগঞ্জের একরাম স্মৃতি ফুটবল একাডেমিকে হারিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।
গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে শুক্রবার বিকেলে ঐতিহ্যবাহী শহীদ বরকত স্টেডিয়ামে টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ফাইনাল অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকায় ম্যাচের ফল নির্ধারণ হয় ট্রাইব্রেকারে। সেখানে বিকেএসপি ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে শিরোপা নিজেদের করে নেয়।
হাজারো দর্শকের উপস্থিতিতে ফাইনাল ম্যাচটি শুরু থেকেই ছিল জমজমাট। আক্রমণ-প্রতিআক্রমণে দুই দলই সমানতালে লড়াই করে। নির্ধারিত সময়ে সমতায় শেষ হওয়ার পর ট্রাইব্রেকারের স্নায়ুচাপের লড়াইয়ে শেষ হাসি হাসে বিকেএসপি। বিজয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে খেলোয়াড় ও সমর্থকদের উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।
ম্যাচে বিকেএসপির গোলরক্ষক মাহিন ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান একরাম স্মৃতি ফুটবল একাডেমির সুমন।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি।
খেলার উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, পুলিশ সুপার শরীফ উদ্দীন, বিএনপি নেতা মীর হালিমুজ্জান মনি, আহমদ আলী রুশদি এবং অ্যাডভোকেট মেহেদী হাসান এলিসসহ বিশিষ্ট ব্যক্তিরা।
দেশের বিভিন্ন জেলার ১৬টি শক্তিশালী দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল। ফাইনাল উপলক্ষে শহীদ বরকত স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। গ্যালারির পাশাপাশি মাঠের চারপাশও ছিল দর্শকে পরিপূর্ণ।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, চ্যাম্পিয়ন দলকে ৩ লাখ টাকা এবং রানার্সআপ দলকে ২ লাখ টাকা প্রাইজমানি প্রদান করা হয়েছে। এছাড়া সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলরক্ষকসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার দেওয়া হয়।
আয়োজকদের ভাষ্য, ‘মাদককে না বলি, খেলাধুলার মাধ্যমে সুন্দর জীবন গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, নতুন প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে একটি সুস্থ ও ক্রীড়াবান্ধব সমাজ গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
সংশ্লিষ্টদের মতে, সফল আয়োজন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শহীদ জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ গাজীপুরের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনার সঞ্চার করেছে।
Posted ২:২৪ অপরাহ্ণ | শনিবার, ১১ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah