সঞ্জীব ভট্টাচার্য্য : | বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং ব্যাংকিং সেবার সঙ্গে পরিচিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। ‘ছোট হাতে সঞ্চয়ের বীজ, বড় হবে একদিন—কৃষি ব্যাংকের স্কুল ব্যাংকিং আনবে সুখের দিন’ স্লোগানকে সামনে রেখে মাত্র ১০ টাকায় স্কুল ব্যাংকিং হিসাব খোলার কার্যক্রম শুরু করেছে ব্যাংকটি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন-২০২৬’-এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, ব্রাহ্মণবাড়িয়ার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (উপমহাব্যবস্থাপক) মোহাম্মদ ইউছুফ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার এসপিও মো. আনিসুর রহমান, নাসিরনগর শাখার ব্যবস্থাপক (এসপিও) মো. নাজমুল হাছান এবং নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, ব্যাংকের কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে উপহারসামগ্রী ও নাস্তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মকে অর্থনৈতিকভাবে সচেতন করে গড়ে তোলাই স্কুল ব্যাংকিং কার্যক্রমের মূল লক্ষ্য। শিক্ষার্থীরা তাদের টিফিনের টাকা বা সঞ্চিত অর্থ থেকে সামান্য অংশ নিয়মিত জমা রেখে ভবিষ্যতের জন্য সঞ্চয় গড়ে তুলতে পারবে। যেসব শিক্ষার্থীর ১০ টাকা জমা দেওয়ার সামর্থ্য নেই, তাদের জন্যও বিনামূল্যে হিসাব খোলার ব্যবস্থা রাখা হয়েছে। এতে শিশু-কিশোরদের মধ্যে ছোটবেলা থেকেই মিতব্যয়িতা, সঞ্চয়ের অভ্যাস এবং আর্থিক শৃঙ্খলা গড়ে উঠবে।
নবম শ্রেণির শিক্ষার্থী আবিদা আক্তার বলেন, “আমার বাবার কৃষি ব্যাংকে হিসাব আছে। আমার এই বয়সে নিজের নামে ব্যাংক হিসাব হবে, এটা স্বপ্নের মতো লাগছে। মাত্র ১০ টাকায় অ্যাকাউন্ট খুলতে পেরে আমি খুবই আনন্দিত।”
আরেক শিক্ষার্থী নয়ন দাস বলেন, “এখন থেকে আমি নিয়মিত ব্যাংকে টাকা জমা রাখতে পারব। নিজের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট হওয়ায় খুব ভালো লাগছে।”
Posted ২:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah