জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 165 বার পঠিত
গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দীন সরকার পাপ্পুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে দলের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। এর আগে চাঁদাবাজির অভিযোগ এনে তাকে বহিষ্কার করা হয়েছিল। রাকিব উদ্দীন সরকার পাপ্পুর বিএনপিতে ফেরায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাঁর অনুসারী নেতাকর্মীরা। তারা বলছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে দলের উক্ত সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আজ ২৪ অক্টোবর শুক্রবার সকালে বাংলাদেশের জাতীয়তাবাদী দল, বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেইজের একটি পোস্টে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের আদর্শ বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে যাদের বহিষ্কার করা হয়েছিল, তাদের আবেদন পর্যালোচনা করে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে এবং বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দীন সরকার পাপ্পু বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তে আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছে। এজন্য দল ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে কৃতজ্ঞ।
এছাড়াও তিনি বলেন, এখন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও দলীয় সকল কর্মকাণ্ডে সকলকে সাথে নিয়ে তিনি কাজ করবেন।
Posted ৩:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah