মঙ্গলবার ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ বক্সে ঢুকে সাংবাদিকের ওপর হামলা, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

জায়দুল কবির ভাঙ্গি :   |   শনিবার, ০৬ জুন ২০২৬   |   প্রিন্ট   |   26 বার পঠিত

পুলিশ বক্সে ঢুকে সাংবাদিকের ওপর হামলা, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

গাজীপুরে প্রকাশ্যে পুলিশ বক্সে ঢুকে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন স্টার নিউজের গাজীপুর প্রতিনিধি হুসাইন আলী বাবু। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় হামলাকারীকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের যাতায়াত নিয়ে সংবাদ সংগ্রহ করছিলেন হুসাইন আলী বাবু। লাইভ সম্প্রচার শেষ করে গাজীপুর চৌরাস্তা পুলিশ বক্সে বসে অফিসের কাজ করার সময় এক যুবক অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়।

সাংবাদিকের চিৎকার শুনে দায়িত্বরত এক পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় হামলাকারীকে আটক করে থানায় সোপর্দ করা হয়। আটক ব্যক্তির নাম মোহাম্মদ জুয়েল। স্থানীয়দের ধারণা, তিনি ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন।

ভুক্তভোগী সাংবাদিক হুসাইন আলী বাবু জানান, সকাল থেকে তিনি চৌরাস্তা এলাকায় সংবাদ সংগ্রহ করছিলেন। হামলাকারী কয়েকবার এসে তার নাম জানতে চাইলেও ব্যস্ততার কারণে তিনি কথা বলতে পারেননি। পরে পুলিশ বক্সে বসে অফিসের কাজ করার সময় ওই ব্যক্তি হঠাৎ তার ওপর হামলা চালায়।

তিনি বলেন, “আমি ওই ব্যক্তিকে আগে কখনও দেখিনি। তার সঙ্গে আমার কোনো পরিচয় বা বিরোধ নেই।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, গাজীপুর চৌরাস্তা এলাকায় মাদকসেবী ও ছিনতাইকারীদের আনাগোনা রয়েছে। তাদের কেউ এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। কারণ, এলাকায় সাংবাদিকদের উপস্থিতি অনেক সময় অপরাধীদের কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করে।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন গাজীপুরের পেশাদার সাংবাদিকরা। তারা দ্রুত হামলার রহস্য উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, “প্রাথমিক যাচাই-বাছাইয়ে মনে হচ্ছে আটক ব্যক্তি কিছুটা মানসিক ভারসাম্যহীন। তিনি জানিয়েছেন, তার মা হাসপাতালে ভর্তি রয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

Facebook Comments Box

Posted ৬:০৬ অপরাহ্ণ | শনিবার, ০৬ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া