সঞ্জীব ভট্টাচার্য্য : | রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 11 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভুল চিকিৎসার অভিযোগে রাকিবা আক্তার (১৮) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুকে কেন্দ্র করে একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন স্বজনরা।
রোববার (৫ এপ্রিল) সকালে উপজেলা সদরের আহমেদ প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে।
ঘটনার পর অভিযুক্ত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ পলাতক রয়েছেন বলে জানা গেছে। নিহত রাকিবা নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের শফিকুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্বজনরা জানান, শনিবার রাতে প্রসব ব্যথা উঠলে রাকিবাকে আহমেদ প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডা. সৈয়দ কামরুজ্জামানের তত্ত্বাবধানে তার সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের কিছুক্ষণ পরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে দ্রুত অন্য হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ডাকা হয়। তবে হাসপাতালেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তারা হাসপাতালে ভাঙচুর চালান।
রাকিবার মা রেহেনা আক্তার অভিযোগ করে বলেন, অ্যাম্বুলেন্সে তোলার সময় মেয়ের কোনো শ্বাস-প্রশ্বাস না থাকায় তাদের সন্দেহ হয়। তার দাবি, অস্ত্রোপচারের সময়ই রাকিবার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে চিকিৎসক বা হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কান্তি নাথ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৪:০৮ অপরাহ্ণ | রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah