অনলাইন ডেস্ক | বুধবার, ০৬ মে ২০২৬ | প্রিন্ট | 84 বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক তারেক রহমান ও তারেক আজিজের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মূল আসামিদের গ্রেফতারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় সাংবাদিক সমাজ। ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও প্রধান অভিযুক্তদের গ্রেফতার করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
বুধবার (৬ মে) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভা থেকে আগামী ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।
সভায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু বলেন, “আমরা মনে করেছিলাম ২০২৪ সালের ঘটনার পর পুলিশের পরিবর্তন হয়েছে। কিন্তু সেই পুলিশ, সেই স্বৈরাচার পুলিশই থেকে গেছে।”
বক্তারা অভিযোগ করেন, নয়টি মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রাব্বি পুলিশের ‘সোর্স’ পরিচয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ তাকে গ্রেফতার করা হচ্ছে না।
তারা আরও বলেন, পুলিশ আইওয়াশ করার জন্য কিছু নির্দোষ ব্যক্তিকে গ্রেফতার করলেও মূল অপরাধীদের ধরাছোঁয়ার বাইরে রাখা হয়েছে।
আগামী ৭২ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত আসামিদের গ্রেফতার করা না হলে ছাত্র-জনতা ও পেশাজীবী সংগঠনগুলোকে নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, দৈনিক চাঁপাই চিত্রের সম্পাদক কামাল উদ্দিন, সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল, মেহেদি হাসান, আশরাফুল ইসলাম রঞ্জু, ডাবলু কুমার ঘোষ, আনোয়ার হোসেন দিলু, ফারুক আহমেদ, তারেক আজিজ ও তারেক রহমানসহ স্থানীয় সাংবাদিক নেতারা।
উল্লেখ্য, একই দাবিতে শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলাতেও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
Posted ৫:০১ অপরাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah