অনলাইন ডেস্ক | সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 111 বার পঠিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপে জিম্বাবুয়ের বিপক্ষে অপ্রত্যাশিত হারের পর সুপার এইটে ওঠার লড়াইয়ে কঠিন সমীকরণের মুখে পড়েছে অস্ট্রেলিয়া। নিজেদের বাকি ম্যাচ জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের দিকেও।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) কলকাতায় বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু হবে ‘সি’ গ্রুপের ইংল্যান্ড–ইতালি ম্যাচ। সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে ইতালির জন্য ম্যাচটি জেতা জরুরি। একই দিনে ‘বি’ গ্রুপে টিকে থাকার লড়াইয়ে নামবে অস্ট্রেলিয়া। ইতালিকে হারাতে পারলে ইংল্যান্ডের পয়েন্ট হবে ৬ এবং তারা সুপার এইটের পথে অনেকটা এগিয়ে যাবে। তবে ইতালি অঘটন ঘটালে ইংল্যান্ডের সমীকরণ জটিল হয়ে পড়বে।
বর্তমানে স্কটল্যান্ড ও ইতালির পয়েন্ট ২ করে। স্কটল্যান্ডের নেট রান রেট +০.৩৫৯, ইতালির -০.৩৫২। ৪ পয়েন্ট পাওয়া ইংল্যান্ডের নেট রান রেট -০.১৪৩। এ অবস্থায় ১৯ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ–ইতালি ম্যাচটি ইতালির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ইতোমধ্যে সুপার এইট নিশ্চিত করা ওয়েস্ট ইন্ডিজকে তখন নেট রান রেট বিবেচনায় হারাতে হবে ইতালিকে।
অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে স্বস্তির সমীকরণ হলো—শ্রীলঙ্কা যেন জিম্বাবুয়ের কাছে হারে অথবা জিম্বাবুয়ে যেন আয়ারল্যান্ড–এর কাছে হারে। সে ক্ষেত্রে ছয় পয়েন্ট পেলেই অস্ট্রেলিয়া অন্তত দ্বিতীয় স্থান নিশ্চিত করতে পারবে।
আজ শ্রীলঙ্কার কাছে হারলেও অস্ট্রেলিয়ার সম্ভাবনা শেষ হয়ে যাবে না। সে ক্ষেত্রে ওমানকে হারিয়ে তাদের পয়েন্ট দাঁড়াবে ৪। তখন জিম্বাবুয়েকে বাকি দুই ম্যাচ—আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে—হারতে হবে। এমন হলে শ্রীলঙ্কা ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড সমান ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানের জন্য লড়বে; যেখানে নেট রান রেট নির্ধারক হবে।
শ্রীলঙ্কার অবস্থান তুলনামূলক ভালো। দুই ম্যাচে তাদের পয়েন্ট ২ হলেও নেট রান রেট ৩.১২৫। অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলেই তারা সুপার এইট নিশ্চিত করবে। হারলেও সুযোগ থাকবে—যদি তারা জিম্বাবুয়েকে হারায় এবং পরে জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের কাছে হারে অথবা অস্ট্রেলিয়া ওমানের কাছে হেরে যায়। অন্যথায় ছয় পয়েন্ট নিয়ে তিন দলের মধ্যে জটিল হিসাব শুরু হবে।
শ্রীলঙ্কা যদি দুই ম্যাচই হেরে যায়, তাহলে জিম্বাবুয়ে সরাসরি পরের রাউন্ডে উঠবে। সে ক্ষেত্রে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় হওয়ার সম্ভাবনা টিকিয়ে রাখতে অস্ট্রেলিয়াকে ওমানের কাছে হারতে হবে—যা সমীকরণকে আরও জটিল করে তুলবে।
জিম্বাবুয়ের সামনে সবচেয়ে সহজ পথ—শ্রীলঙ্কাকে হারানো। সে জয় তাদের সুপার এইটে তুলে দেবে। তবে শ্রীলঙ্কার কাছে হেরে আয়ারল্যান্ডকে হারালে ছয় পয়েন্ট নিয়ে তাদেরও নেট রান রেটের লড়াইয়ে নামতে হবে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার সঙ্গে।
জিম্বাবুয়ে যদি দুটি ম্যাচই হারে, তবুও সুযোগ থাকবে—শর্ত একটাই, অস্ট্রেলিয়া যেন বাকি দুই ম্যাচের মধ্যে একটির বেশি না জেতে।
আয়ারল্যান্ডের সমীকরণ সবচেয়ে কঠিন। তিন ম্যাচে ২ পয়েন্ট ও ০.১৫০ নেট রান রেট নিয়ে তাদের শেষ ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে। জিতলে তারা ৪ পয়েন্টে শেষ করবে। তবে তখন প্রয়োজন হবে—আর মাত্র একটি দল যেন চার পয়েন্টের বেশি পায়।
সব মিলিয়ে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচগুলো কার্যত অঘোষিত নকআউটে পরিণত হয়েছে। অস্ট্রেলিয়ার জন্য সমীকরণ পরিষ্কার—নিজেদের কাজ আগে শেষ করতে হবে, এরপর অপেক্ষা অন্যদের ফলাফলের।
Posted ৫:১৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah