অনলাইন ডেস্ক | রবিবার, ১২ জুলাই ২০২৬ | প্রিন্ট | 44 বার পঠিত
জুড বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা নরওয়ে শুরুতে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ইংলিশদের কাছে হার মেনে বিদায় নিতে হয়েছে।
ম্যাচের শুরুতে প্রয়াত ফুটবলার জেইডেন অ্যাডামসের স্মরণে মিয়ামি স্টেডিয়ামে এক মিনিট নীরবতা পালন করেন দুই দলের খেলোয়াড়রা।
শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলতে থাকা নরওয়ে প্রথম গোলের দেখা পায় আলেক্সান্ডার শেলডারুপের পায়ে। মাঝমাঠ থেকে দ্রুত আক্রমণে উঠে বক্সের বাঁ দিক থেকে দুর্দান্ত শটে জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করে দলকে এগিয়ে দেন তিনি।
গোল হজমের পর ম্যাচে ফিরে আসতে মরিয়া হয়ে ওঠে ইংল্যান্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে অ্যান্থনি গর্ডনের পাস থেকে জুড বেলিংহাম দারুণ এক ফিনিশে সমতা ফেরান। বিরতির ঠিক আগে হ্যারি কেইন বল জালে পাঠালেও ভিএআরে অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়। ফলে প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।
দ্বিতীয়ার্ধে দুই দলই একাধিক আক্রমণ চালায়। নরওয়ে একবার বল জালে জড়ালেও ফাউলের কারণে সেই গোল বাতিল হয়। অন্যদিকে ইংল্যান্ডও বেশ কয়েকটি সুযোগ পেলেও নির্ধারিত সময়ে জয়সূচক গোল করতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের ৯৩তম মিনিটে আবারও নায়ক বেলিংহাম। ইংল্যান্ডের আক্রমণ থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় এবং দলের জয়সূচক গোলটি করেন এই তারকা মিডফিল্ডার।
এর কিছুক্ষণ পর জেড স্পেন্সকে ফাউলের অভিযোগে ইংল্যান্ডের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ভিএআরের সহায়তায় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখা যায়, স্পেন্স নিজেই সংঘর্ষের পরিস্থিতি তৈরি করেছিলেন। ফলে পেনাল্টির সিদ্ধান্ত বাতিল করে নরওয়েকে ফ্রি-কিক দেওয়া হয়।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানের জয় নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ইংল্যান্ড। আর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়া নরওয়ের স্বপ্ন থেমে যায় শেষ আটেই।
Posted ১২:০৮ পূর্বাহ্ণ | রবিবার, ১২ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah