সঞ্জীব ভট্টাচার্য্য | শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ | প্রিন্ট | 189 বার পঠিত
ঢাকার মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ অপরাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আজ ২৫ জুলাই শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে মাইলস্টোন কলেজের নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবরে শ্রদ্ধা জানাতে এসে তিনি সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, গত ১৫/১৬ বছরে যারা দুর্নীতি, দুঃশাসন, হত্যা, গুম, খুনের সাথে জড়িত ছিল, তারা একটা অপরাজনীতি শুরু করেছে। তারা পারেনি, কিন্তু তাদের ষড়যন্ত্র শেষ হয়নি। দুর্ঘটনার পরদিনই সচিবালয়ে একটা মিছিল এবং মাইলস্টোন কলেজের সামনেও মিছিল হয়েছে। সেখানে তাদের উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক শ্লোগান ছিল। তিনি এসময় দেশকে নতুনভাবে নির্মাণ করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এরকম জনবহুল জায়গায় বিমান প্রশিক্ষণের কোনো সুযোগ নাই। তিনি এরকম জনবহুল এলাকায় প্রশিক্ষণের কারণ ও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সুষ্ঠু তদন্তের দাবি জানান।
এসময় কেন্দ্রীয় বিএনপির অর্থনীতিবিষয়ক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সভাপতি এবিএম মমিনুল হক, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচিসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Posted ১১:৩৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah